শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫

নিহতদের মধ্যে পাঁচজন কারা কর্মকর্তা ও বাকি ২০ জন কয়েদি।

শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক 

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে বন্দীদের অভ্যন্তরীণ সংঘর্ষ এবং কারারক্ষীদের সঙ্গে রক্তক্ষয়ী দাঙ্গায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এছাড়াও ১০০ জনেরও বেশি বন্দী এবং কারারক্ষী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারটিতে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার।

লঙ্কান সংবাদমাধ্যম আদা দেরানারা জানিয়েছে, রবিবার (৫ জুলাই) শুরু হওয়া এই ভয়াবহ সংঘাত সোমবার দ্বিতীয় দিনেও অব্যাহত ছিল।


নিহতদের মধ্যে পাঁচজন কারা কর্মকর্তা ও বাকি ২০ জন কয়েদি। আহতদের অনেকের শরীরেই বুলেটের আঘাত রয়েছে, তাদের স্থানীয় নেগোম্বো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির আরকে সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার দুপুরে কারাগারের ভেতর মাদক পাচারের সাথে জড়িত কয়েদিদের দুটি অপরাধী চক্র বা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে দুইজন বন্দীর মৃত্যু এবং আরও ৩৮ জন আহত হন।

কারা প্রশাসন পরিস্থিতি সাময়িক শান্ত করলেও, সোমবার সকালে বন্দীরা আবারও সংঘাতে জড়ায় এবং নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে কারাগারের ভেতরে আগ্নেয়াস্ত্রও লুটে নেয় কয়েদিরা। 

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রথমে পুলিশ কমান্ডো (এসটিএফ) ডাকা হয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোঁড়ে। পরবর্তীতে পুলিশ, বিমানবাহিনীর ড্রোন ও হেলিকপ্টারের পাশাপাশি শ্রীলঙ্কান সেনাবাহিনী যৌথভাবে পুরো কারাগারটি ঘিরে ফেলে এবং ভেতরে প্রবেশ করে শৃঙ্খলা ফিরিয়ে আনে।

এদিকে ঘটনার কারণ বিশদভাবে খতিয়ে দেখতে শ্রীলঙ্কার কারা কর্তৃপক্ষ এবং পুলিশ আলাদাভাবে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। দেশটির বিচার মন্ত্রণালয়ও এই ঘটনার একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছে। 

প্রসঙ্গত, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দী রাখার কারণে শ্রীলঙ্কার কারাগারগুলোতে প্রায়শই এমন অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। নেগোম্বো কারাগারেও বর্তমানে ২ হাজার ৪১৭ জন কয়েদি রয়েছে, যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। 

সূত্র: দ্য মিরর, আনাদোলু