গাজীপুর কণ্ঠ ডেস্ক
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত সোয়া তিনটার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেত্রকোণা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ।
নিহতের নাম দীপ্ত চৌধুরী (২৪)। তিনি শহরের মালনীরোড এলাকার বাদল চৌধুরীর ছেলে এবং নেত্রকোণা সরকারি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে নিহতের বাবা বাদল চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে রাতে বাসা থেকে বের হয়ে শহরের শহীদ মিনার এলাকায় গিয়েছিলেন দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে খুশি হয়ে সমর্থকরা আনন্দ-উল্লাস করছিলেন।
তিনি বলেন, একটি দ্বিতল ভবনের ছাদ থেকে এই আনন্দ-উল্লাসের ভিডিও ধারণ করছিলেন দীপ্ত। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি ছিটকে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ সংবাদ মাধ্যমকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েই দীপ্ত চৌধুরীর মৃত্যু হয়েছে।