বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৬ জুলাই) রাত নয়টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় তার বাসার সামনে এই হামলার ঘটনা ঘটে।

অতিরিক্ত রক্তক্ষরণে রাত বারোটার দিকে তার মৃত্যু হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ বসাক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে রাজনৈতিক সহকর্মী হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে মিঠামইন বাজার থেকে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। বাসার সামনে পৌঁছানোমাত্র ওত পেতে থাকা তিন-চারজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

জাহিদুল আলম জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পরে আরও একজনসহ মোট তিনজনকে আটকের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

ওসি মনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

জাহিদুল আলম জাহাঙ্গীর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তবে কামালপুর বেড়িবাঁধের প্রায় বিশটি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে গত ফেব্রুয়ারিতে তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আউয়াল সংবাদ মাধ্যমকে বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে জাহাঙ্গীরকে হত্যা করেছে। তিনি এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।