গাজীপুরে ভেজাল মদপানে চিকিৎসাধীন দুই যুবকের মৃত্যু

গাজীপুরে ভেজাল মদপানে চিকিৎসাধীন দুই যুবকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহলের বদলে মিথানল পান করে দুই যুবক মারা গেছেন। 

রবিবার (১৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

নিহত দুজনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তাদের একজন সজিব (২২), বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি গাজীপুরের কোনাবাড়ীতে ভাড়া থাকতেন এবং কাঁচামালের ব্যবসা করতেন। অন্যজন রনি মিয়া (২০), বাবার নাম মোস্তফা ইসলাম। তিনি আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন এবং সজিবের প্রতিবেশী হিসেবে একই এলাকায় থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত ১০ জুলাই রাতে কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকায় রমজান নামের এক ব্যক্তির বিয়ের অনুষ্ঠান হয়। সেখানে রমজানের বেয়াই সাগর নামে একজন অতিথিদের অ্যালকোহল বলে মিথানল পরিবেশন করেন বলে অভিযোগ উঠেছে। পরদিন সকালেই সজিব ও রনি অসুস্থ হয়ে পড়েন।

শুরুতে স্থানীয় পর্যায়ে চিকিৎসা নেওয়া হলেও অবস্থা খারাপ হতে থাকায় দুজনকে কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরিস্থিতি আরও গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন, মিথানল বিষক্রিয়াই এই মৃত্যুর কারণ।

রনির নানি রেজিয়া খাতুন সংবাদ মাধ্যমকে বলেন, নাতি তার কাছেই থেকে পড়াশোনা করতেন এবং তিনি ভিক্ষা করে তার খরচ চালাতেন। রনি কোনো নেশায় জড়িত ছিলেন না দাবি করে তিনি ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন সংবাদ মাধ্যমকে জানান, অভিযুক্ত সাগর এখনও পলাতক। সজিবের মৃত্যুর তথ্য শাহবাগ থানার মাধ্যমে এবং রনির মৃত্যুর তথ্য পরে পাওয়া যায়। তিনি জানান, তদন্ত চলছে এবং প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।