জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই দাবির পর তরুণীকে ‘দ্বিতীয় স্ত্রী’ বলছেন দলীয় নেতারা

ভিডিওটি ধারণ করা হয়েছিল ২০২৩ সালের ১০ জুলাই। তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই দাবির পর তরুণীকে ‘দ্বিতীয় স্ত্রী’ বলছেন দলীয় নেতারা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রথমে দলীয় ঘনিষ্ঠ একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরে একই কক্ষের আরও ফুটেজ প্রকাশ্যে এলে জামায়াতের স্থানীয় নেতারা ভিডিওতে দেখা তরুণীকে এমপির স্ত্রী বলে দাবি করেন।

সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে গাজী নজরুল ইসলামকে দেখা যায়। 

ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনো মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী, ভিডিওটি ধারণ করা হয়েছিল ২০২৩ সালের ১০ জুলাই। তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল–সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’র পক্ষ থেকে বেশ কয়েকটি পোস্টে দাবি করা হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। 

তবে বিভিন্ন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বলছে, ভিডিওটিতে এআই প্রযুক্তি ব্যবহারের বা ডিজিটাল কারসাজির কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। এআই-নির্মিত ভিডিওতে সাধারণত যেসব সীমাবদ্ধতা লক্ষ করা যায়, এ ভিডিওতে তার কোনোটিই নেই। প্রাথমিক বিশ্লেষণে এটি বাস্তব ভিডিও বলেই প্রতীয়মান হয়েছে।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান মঙ্গলবার (২১ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং এমপি তাদের জানিয়েছেন, ভিডিওতে দেখা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই এই বিয়ে হয়েছে। তিনি আরও বলেন, ভিডিওটি কীভাবে ও কার মাধ্যমে প্রকাশ পেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিয়ের সুনির্দিষ্ট তারিখ জানতে চাইলে আজিজুর রহমান বলেন, তারিখ তার জানা নেই, তবে জেনেছেন বিয়েটি বেশ কিছুদিন আগে সম্পন্ন হয়েছে। 

এ বিষয়ে বক্তব্য জানতে গাজী নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা তরুণীর বয়স বেশ কম মনে হয়েছে। সংবাদমাধ্যমের হাতে আসা তার একটি বায়োডাটা অনুযায়ী, উল্লিখিত জন্মতারিখ হিসাবে তার বর্তমান বয়স ১৮ বছর ২ মাস হওয়ার কথা। ওই এমপির ‘জোর সুপারিশে’ তৈরি বায়োডাটায় তরুণী নিজেকে অবিবাহিত বলে উল্লেখ করেছেন। তিনি ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেছেন।

তরুণীর ফোন ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় সংবাদমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে হোয়াটসঅ্যাপের ছবি থেকে জানা গেছে, তার পরিবারও জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত—একটি ছবিতে পরিবারের এক সদস্যকে দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রতিবেদনে তরুণীর প্রাইভেসি রক্ষার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

 সূত্র: কালবেলা