গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ১০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

সোমবার রাত ১২টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ১০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুর কোর্ট পুলিশের নিয়ন্ত্রণাধীন গারদখানা থেকে পলাতক ৩২ মামলার আসামি মো. সম্রাট মন্ডলকে (২৮) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

সোমবার (২০ জুলাই) রাতে র‍্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প ও র‍্যাব-১৪-এর যৌথ অভিযানে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সম্রাট মন্ডল জামালপুরের মাদারগঞ্জ থানার তাকতাপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে। তিনি গাজীপুর মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকায় বসবাস করতেন।

র‍্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, সোমবার দুপুর দুইটার দিকে গাজীপুর কোর্ট পুলিশের নিয়ন্ত্রণাধীন গারদখানার রিসিভ ডেস্কের পাশে দাঁড় করানোর সময় ৩২ মামলার আসামি সম্রাট মন্ডল (২৮) কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এ ঘটনায় এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। র‍্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে।

তিনি বলেন, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় বিভিন্ন সূত্র ও গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১-এর গাজীপুর ক্যাম্প এবং ময়মনসিংহের র‍্যাব-১৪-এর যৌথ অভিযানিক দল রাত সোয়া ১২টার দিকে ময়মনসিংহের কাশর এলাকায় অভিযান চালিয়ে সম্রাট মন্ডলকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জিএমপি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে রোববার রাতে মহানগরের গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকা থেকে সম্রাট মন্ডলকে তার আরও তিন সহযোগীসহ গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছিল র‍্যাব-১-এর গাজীপুর ক্যাম্প।