গাজীপুর কণ্ঠ ডেস্ক
সিলেট ও খুলনা মহানগর পুলিশ কমিশনার এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি পৃথক আদেশে এই চার ডিআইজিসহ পাঁচ অতিরিক্ত ডিআইজি এবং পাঁচ পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তাদের রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে। এসএমপিতে তার স্থলে যোগ দেবেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম।
অপরদিকে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জে, রাজশাহী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জে, ট্যুরিস্ট পুলিশের সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জে, অ্যান্টি টেররিজম ইউনিটের সুপার নিউমারারি হিসাবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন আহমেদকে র্যাবে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
চার পুলিশ পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডিতে, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জে, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্রগ্রাম রেঞ্জে এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার তাহসিন মাসরুর হোসেন মাসফিকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।