গাজীপুর কণ্ঠ ডেস্ক
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
সরকারি সূত্র ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সফরটি আট থেকে দশ দিনের হতে পারে।
দলীয় সূত্রমতে, ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন, ২৫ সেপ্টেম্বর তার সম্মানে নাগরিক সংবর্ধনা হবে এবং ২৬-২৮ সেপ্টেম্বর তিনি সানফ্রান্সিসকোর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরবেন।
তবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সংবাদ মাধ্যমকে বলেন, চূড়ান্ত সূচি এখনো ঠিক হয়নি।
এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ফলে একই সময়ে প্রধানমন্ত্রী মূল মঞ্চে ভাষণ দেবেন, আর অধিবেশন পরিচালনা করবেন দেশেরই পররাষ্ট্রমন্ত্রী।
বিশ্লেষকরা এটিকে ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরীর সভাপতিত্বের সঙ্গে তুলনা করলেও বলছেন, তখনকার রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থার সঙ্গে বর্তমান সংসদীয় প্রেক্ষাপট ভিন্ন।
প্রায় দুই দশক পর তারেক রহমানের সফরকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে বলে জানা গেছে। নেতারা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ ও বদরুল আলম চৌধুরী শিপলুসহ কয়েকজন বিবিসিকে বলেন, তারা সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছেন। তবে দীর্ঘ ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভও রয়েছে, এবং এই সফরে তারা কমিটি গঠনের দাবি তুলতে পারেন বলে সূত্র জানিয়েছে।