গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পুরাতন স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কালিয়াকৈর বাস স্টেশন এলাকায় যাত্রী নামিয়ে দেওয়ার পর বাসটি সড়কের পাশে পার্ক করে রাখা হয়েছিল। এক পর্যায়ে বাসের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে আশপাশের মানুষজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে আগুনে বাসের অভ্যন্তরীণ অংশ পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, খবর পাওয়ার পর তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরের বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।