গাজীপুর কণ্ঠ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়িবহরের সঙ্গে দুর্ঘটনায় আহত এক বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত নারীর নাম ফিরোজা বেগম। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ফিরোজা বেগমের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সেদিন সকালে প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে তার নিজের সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় হঠাৎ ফিরোজা বেগম গাড়িবহরের সামনে চলে আসেন।
তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কের পাশের খাদে গিয়ে পড়ে।
দুর্ঘটনায় ফিরোজা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় প্রতিমন্ত্রী নিজেও ‘সামান্য’ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি শাহিনুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন।