বিশেষ প্রতিনিধি
গাজীপুরকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

বক্তব্যে হাবিবুর রশিদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটি নির্বাচিত সরকার পেয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চায় দল অবিচল রয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে শহীদদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে নেতাকর্মীদের প্রতি তাঁর বার্তা, ক্ষমতার কোনো স্তরেই যেন স্বৈরাচারী মনোভাবের পুনরাবৃত্তি না ঘটে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি দলে সুবিধাবাদী ও হঠাৎ আগ্রহী নেতাদের অনুপ্রবেশ ঠেকাতে কড়া বার্তা দিয়ে বলেন, “বিএনপি জনগণের দল, জনগণই এর মূল শক্তি। কঠিন সময়েও নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। এখন কোনো সুবিধাবাদীর জায়গা এই দলে হবে না।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, মজিবুর রহমান এমপি, বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ওমর ফারুক সাফিন ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
আলোচনা সভা শেষ হয় তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” দর্শনকে সামনে রেখে একটি বৈষম্য ও শোষণমুক্ত দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে।