‘পিচ্চি রাজা’ ঢাকা থেকেই পালিয়েছিল; দুই পুলিশসহ তিনজন গ্রেফতার

আলামত দেখে মনে হচ্ছে ঘটনাটি অনেকটা পরিকল্পনা অনুযায়ী ঘটেছে।

‘পিচ্চি রাজা’ ঢাকা থেকেই পালিয়েছিল; দুই পুলিশসহ তিনজন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দি ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজা’ ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। 

এজাহারে বলা হয়েছিল, তিনি গাজীপুরের বাইমাইল থেকে পালিয়েছেন। তদন্তে সেই তথ্যের সঙ্গে গরমিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় প্রিজনভ্যানের এসকর্ট দলের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার, ভ্যানচালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেফতার করা হয়েছে। কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা জব্দ করার কথাও জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

গত ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৯ আসামিকে ঢাকার আদালতে হাজিরার জন্য নেওয়া হয়েছিল। ফেরার পথে ওই দিনই পিচ্চি রাজা পালিয়ে যান।

এ ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়, রাত সাড়ে আটটার দিকে প্রিজনভ্যান বাইমাইলে পৌঁছালে একজন এসআই পিচ্চি রাজাকে টয়লেটে নেওয়ার জন্য গাড়ি থেকে নামান। সে সময় তিনি কৌশলে পালিয়ে যান।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই প্রবীর কুমার, কনস্টেবল জাকির হোসেন, সাকিব ও শাকিল হোসেন এবং চালক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে গঠন করা হয় তিন সদস্যের কমিটি।

পুলিশ কমিশনার বলেন, মামলাটি তদন্ত করছেন জিএমপির গোয়েন্দা বিভাগের পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম। তদন্তে তাঁকে সহায়তা করছে আরও কয়েকজন কর্মকর্তার একটি দল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আদালত থেকে ফেরার পথে তাঁতীবাজারে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে প্রিজনভ্যান থামানো হয়। এসআই প্রবীর কুমার চালকের কাছ থেকে ভ্যানের চাবি নিয়ে পিচ্চি রাজা ও আরেক হাজতি খাইরুল বাশারকে ভ্যানের সামনের দিকে নিয়ে যান। খাইরুলকে চালকের পাশের আসনে বসানো হলেও পিচ্চি রাজা ও প্রবীর কুমার আর ভ্যানে ওঠেননি।

পুলিশ বলছে, কিছুটা দূরে অপেক্ষায় থাকা একটি প্রাইভেটকারে চড়ে পিচ্চি রাজা পালিয়ে যান। ওই গাড়িতে তাঁর বোন তাসলিমাও ছিলেন বলে জানান পুলিশ কমিশনার।

তদন্তকারীদের দাবি, এরপর রাত সাড়ে আটটার দিকে প্রবীর কুমার বাইমাইলে গিয়ে ভ্যানে ওঠেন এবং দলের অন্য সদস্যদের নিয়ে বাইমাইল থেকে পালানোর ঘটনা সাজান।

ঘটনার সময় প্রিজনভ্যানে থাকা অন্য তিন পুলিশ সদস্যকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানান কমিশনার।

পিচ্চি রাজা ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, আলামত দেখে মনে হচ্ছে ঘটনাটি অনেকটা পরিকল্পনা অনুযায়ী ঘটেছে। এ বিষয়ে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানান তিনি।

পিচ্চি রাজাকে ধরতে অভিযান চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।