গাজীপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার আশাবাদ নতুন পুলিশ কমিশনারের

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

গাজীপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার আশাবাদ নতুন পুলিশ কমিশনারের

বিশেষ প্রতিনিধি

গাজীপুর মহানগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার মো. আশিক সাঈদ। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জিএমপির সদর দপ্তরের সম্মেলনকক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে নগরের পরিস্থিতি উন্নত করা সম্ভব। এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সাংবাদিকেরা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, যানজট ও শিল্পাঞ্চলের নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন। থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধেরও দাবি জানান তাঁরা। এ ছাড়া কোনো ঘটনা নিয়ে তথ্য চাইলে তা যেন দ্রুত পাওয়া যায়, সে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মুজিবুর রহমান, চ্যানেল আইয়ের প্রতিনিধি ফজলুল হক মোড়ল, দিনকালের প্রতিনিধি দেলোয়ার হোসেন ও মানবজমিনের প্রতিনিধি ইকবাল আহমদ সরকার প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহিদ হোসেন, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম ও উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলমসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ৮ নভেম্বর জিএমপির নবম পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন আশিক সাঈদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশিক সাঈদের জন্ম ১৯৭৫ সালে মেহেরপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে এমএসসি করেছেন। ২০তম বিসিএসে প্রথম স্থান অর্জন করে ২০০১ সালের ৩১ মে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দেন।

কর্মজীবনে তিনি সার্কেল এএসপি ও র‍্যাবে কাজ করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন র‍্যাব, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ও বিভিন্ন জেলায় এবং পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখায়।

পুলিশ সুপার পদে পদোন্নতির পর তিনি ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার, কক্সবাজারে ১৪ এপিবিএনের অধিনায়ক ও জামালপুরের পুলিশ সুপার ছিলেন।

অতিরিক্ত ডিআইজি হিসেবে তিনি নৌ পুলিশ (ঢাকা), ঢাকা রেঞ্জ এবং পুলিশ সদর দপ্তরের ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট শাখায় কাজ করেছেন। ডিআইজি পদে পদোন্নতির পর একই শাখায় কিছুদিন থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হন। সর্বশেষ তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি ছিলেন।

আরো জানতে…

জিএমপির কমিশনারের দায়িত্ব বুঝে নিলেন আশিক সাঈদ

জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ