আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্য গোয়েন্দা নজরদারিতে

আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া বা সুবিধা পাওয়া কিছু কর্মকর্তার বিরুদ্ধে কাজে অসহযোগিতার অভিযোগ আছে, যা বাহিনীর গতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্য গোয়েন্দা নজরদারিতে

গাজীপুর কণ্ঠ ডেস্ক

বাংলাদেশ পুলিশের প্রায় ২২ হাজার সদস্যের ওপর গোয়েন্দা নজরদারি চলছে। তারা সবাই আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বাহিনীতে যোগ দিয়েছেন।

টাইমস অব বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রের বরাতে এ খবর দিয়েছে।

পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত না হলেও ক্ষমতাচ্যুত দলটির নেতা-কর্মীদের সঙ্গে গোপন যোগাযোগের সন্দেহে কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে বাহিনীর ভেতরে তদন্ত হচ্ছে।

টাইমসের হিসাবে নজরদারির আওতায় থাকা ২২ হাজারের মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক বা এসআই। বাকিদের মধ্যে আছেন পদোন্নতি পাওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) পদের কর্মকর্তারা।

পত্রিকাটি বলছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের পরই নজরদারি জোরদার হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের একটি আদালত তাঁকে রিমান্ডে পাঠিয়েছেন।

প্রতিবেদনের ভাষ্য, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা প্রকাশ করার পর কয়েকটি ঘটনা পরপর ঘটে, যার একটি পরিণতি জাহাঙ্গীর আলমের গ্রেপ্তার। এর আগে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে একটি ফোনালাপের অডিও ফাঁস হয়। এ ঘটনায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রকিবুল ইসলামকে প্রথমে প্রত্যাহার করা হয়, পরে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ পুলিশের মুখপাত্র, সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুন মুনিরা টাইমসকে বলেছেন, নিষিদ্ধ কোনো সংগঠনের কারও সঙ্গে বাহিনীর কোনো সদস্যের যোগাযোগের তথ্য বা অভিযোগ এলে তা তদন্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয় বলেও তিনি জানান।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলির কয়েক ঘণ্টা আগে মো. আব্দুল কুদ্দুস চৌধুরী টাইমসের কাছে ঘটনার বিবরণ দেন। তার ভাষ্য অনুযায়ী:

  • – আওয়ামী লীগের কয়েকজনের সঙ্গে জাহাঙ্গীর আলমের যোগাযোগের প্রাথমিক তথ্য হাতে আসার পর মঙ্গলবার তাকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
  • – একই দিন তার ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
  • – বিভাগীয় তদন্তের দায়িত্ব পান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শফিজুল ইসলাম।
  • – ফরেনসিক পরীক্ষায় আপত্তিকর বার্তার প্রমাণ মেলার পর তদন্ত প্রতিবেদন তৈরি ও মামলার প্রক্রিয়া শুরু হয়। ফৌজদারি মামলার সমান্তরালে বিভাগীয় ব্যবস্থাও চলবে।

ডিআইজির দাবি, ফোনে দুটি বার্তা পাওয়া গেছে। একটিতে বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে আগের সরকার আবার ক্ষমতায় ফিরবে। অন্যটিতে ডিসেম্বরে ‘জীবন বাজি রেখে’ সবাইকে রাজপথে নামার আহ্বান ছিল।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএসের মাধ্যমে ২০১০ সালের ডিসেম্বরে পুলিশে যোগ দেন।

টাইমসের পর্যবেক্ষণ হলো, অন্তর্বর্তী সরকারের পর বিএনপি সরকারের নয় মাসে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও পুলিশ এখনো পুরোপুরি স্বাভাবিক কার্যক্ষমতায় ফেরেনি। আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া বা সুবিধা পাওয়া কিছু কর্মকর্তার বিরুদ্ধে কাজে অসহযোগিতার অভিযোগ আছে, যা বাহিনীর গতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

পত্রিকাটির তথ্য অনুযায়ী, দুই সরকারের সময় মিলিয়ে এ পর্যন্ত ১৭৪ জন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে গেছেন এবং অন্তত ১০০ জনকে ওএসডি করা হয়েছে। তার পরও পুলিশের কাজের মান নিয়ে প্রশ্ন কাটেনি।

সাবেক আইজিপি ও অপরাধ বিশেষজ্ঞরা টাইমসকে বলেছেন, পুলিশ সদস্যদের দায়িত্ব রাষ্ট্রের প্রতি, কোনো দলের প্রতি নয়। এই নীতি লঙ্ঘন করলে বাহিনীতে থাকার নৈতিক ও পেশাগত ভিত্তি থাকে না বলে তাঁদের অভিমত।

সাবেক আইজিপি বাহারুল আলম অবশ্য ব্যক্তিগত রাজনৈতিক সহানুভূতি ও রাষ্ট্রবিরোধী তৎপরতাকে আলাদা করে দেখার কথা বলেছেন। তাঁর ভাষায়, ‘যাঁরা মনে মনে কোনো দলের প্রতি সহানুভূতি রাখেন, সেটি আলাদা বিষয়। কিন্তু তাঁরা বর্তমান সরকার ফেলে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারবেন—এমনটা ভাবার সুযোগ নেই।’

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ওমর ফারুকের মতে, অতীতের রাজনৈতিক প্রভাব কেবল পুলিশে সীমাবদ্ধ ছিল না, প্রশাসনের অন্যান্য স্তরেও পৌঁছেছিল। তাঁর পরামর্শ, এমন ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, ‘সরকার বদলালেও রাষ্ট্রের প্রতি তাঁদের পেশাদারত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহি ধরে রাখতে হবে।’

পুলিশ সদর দপ্তরের তথ্যে বর্তমানে বাহিনীর সদস্যসংখ্যা প্রায় ২ লাখ ১৩ হাজার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার বরাতে টাইমস লিখেছে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার জন নিয়োগ পেয়েছেন, অর্থাৎ বর্তমান সদস্যদের অর্ধেকের বেশি।

এই সময়ে বাহিনীর আকার বাড়াতে ৮৩ হাজারের বেশি নতুন পদ সৃষ্টি হয়। পত্রিকাটির হিসাবে ২০০৯ সাল থেকে সরাসরি ও কোটায় নিয়োগ পেয়েছেন:

  • – ১ লাখ ৫ হাজার ৯২৫ জন কনস্টেবল
  • – ১১ হাজার ৫১০ জন এসআই
  • – ২ হাজার ৪৮৪ জন পুলিশ সার্জেন্ট (ট্রাফিক ও মাঠপর্যায়ের দায়িত্বে)

এ ছাড়া ২৮তম থেকে ৪৩তম বিসিএসের বিভিন্ন ব্যাচে কয়েক হাজার কর্মকর্তা এএসপি হিসেবে যোগ দিয়েছেন।