করোনাভাইরাস: গাজীপুরসহ সারাদেশে ঝুঁকি বাড়ছে ডাক্তারদেরও

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাসের পাশাপাশি ডাক্তাররাও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। গাজীপুরসহ সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে যারা সেবা দিচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ অন্য রোগের চিকিৎসা করতে গিয়ে সংক্রমিত হচ্ছেন।

গাজীপুরের কাশিমপুর থানার তেঁতুইবাড়ি এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল এন্ড নার্সিং কলেজের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা অবস্থায় (কোভিড-১৯) করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। তবে হাসপাতেলের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নমুনা পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট আসলে ওই তিন চিকিৎসক করোনা পজেটিভ বলে জানা যায়।

গাজীপুর সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা পজেটিভ হওয়া তিন চিকিৎসকের মধ্যে প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের একজন, কনসালটেন্ট রেডিওলোজি বিভাগের একজন নারী চিকিৎসক এবং স্পেশালিস্ট নেফ্রোলজি বিভাগের একজন চিকিৎসক রয়েছে।

ওই তিন চিকিৎসক বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে এবং সুস্থ আছেন। আক্রান্ত তিন চিকিৎসকের সংস্পর্শে ছিল এমন আরো ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে। এই পর্যন্ত ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বাকী ৬ জনের রিপোর্ট এখনো পাওয়া যায় নি। হাসপাতেলের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল এন্ড নার্সিং কলেজের পরিচালক ডাক্তার রাজীব হাসান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন চিকিৎসক (কোভিড-১৯) করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। ওই চিকিৎসক বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে। একজন চিকিৎসক আক্রান্ত হলেও হাসপাতেলের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নমুনা পরীক্ষার পর মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট আসলে ওই চিকিৎসক করোনা পজেটিভ বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক।

এছাড়া গাজীপুরের সিভিল সার্জন অফিসের এক কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় রোববার সিভিল সার্জনসহ ১৩ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়। তাদের নমুনা আইইডিসিআরে পাঠালে সোমবার ওই অফিসের প্রোগ্রামারের করোনা পজেটিভ আসে।

এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোগীদের সেবা-দানের সময়ে অনেকে ডাক্তার নিজেরাই আক্রান্ত হচ্ছেন।

বার্তা সংস্থা ইউএনবি জানাচ্ছে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সোমবার রাতে তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাতেই তার নমুনার ফলাফল পজিটিভ হয় বলে জানা যায়।

সাভারের একজন সহকারী কমিশনার বার্তা সংস্থাকে জানান, গত ক’দিন ধরেই ঐ চিকিৎসকের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছিল।

ওদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ দুইজন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে ইউএনবি বলছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, দু’জন আক্রান্তের মধ্যে একজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত এক নারী চিকিৎসক।

এর আগে সিলেটএমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিনের একজন চিকিৎসক ডা: মোহাম্মদ মইন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে ঢাকায় হাসপাতালে নিয়ে আসা হয়।

বাংলাদেশে করোনাভাইরাসের এপিসেন্টার বলে কথিত নারায়ণগঞ্জেও স্বাস্থ্য কর্মীরা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত শনিবার নারায়ণগঞ্জ জেলায় দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ এবং করোনাভাইরাস মোকাবেলায় জেলার ফোকাল পার্সন ও উপজেলা মেডিক্যাল অফিসার ডাঃ জাহিদুল ইসলামসহ পাঁচজন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট আইইডিসিআর-এর একজন উপদেষ্টা ড. মুশতাক হোসেন জানান, বাংলাদেশের অভিজ্ঞতায় মূলত তিনটি কারণে চিকিৎসকেরা নিজেরাই সংক্রমিত হতে পারেন।

প্রথমত, যেসব ডাক্তার এবং নার্স ‘ফ্রন্ট লাইন’ সেবা দিচ্ছেন অর্থাৎ যারা সরাসরিভাবে করোনাভাইরাস রোগীদের চিকিৎসা করছেন তাদের মধ্যে কেউ কেউ সংক্রমিত হতে পারেন।

দ্বিতীয়ত, জেলা-উপজেলা পর্যায়ে যারা সেবা দিচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ অন্য রোগের চিকিৎসা করতে গিয়ে সংক্রমিত হচ্ছেন।

“অনেক সময় করোনাভাইরাস রোগীর দেহে সবগুলো উপসর্গ দেখা নাও যেতে পারে। তখন তাকে দেখতে গিয়ে ডাক্তাররা নিজেরাও ঝুঁকির মুখে পড়ে যান,” বলছেন তিনি।

“আর তৃতীয় কারণটি হচ্ছে সামাজিক সংক্রমণ,” ড. হোসেন জানান, “পরিবার বা বন্ধুবান্ধবের কাছ থেকেও এটা ছড়াতে পারে।”

 

এ সংক্রান্ত আরো জানতে…………..

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

করোনাভাইরাস: গাজীপুরসহ সারাদেশে ঝুঁকি বাড়ছে ডাক্তারদেরও