পূবাইলে অজ্ঞাত ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের মিরের বাজার এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিকের (৩২) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে মিরেরবাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহত নারীর সঙ্গে থাকা একটি অফিস আইডি কার্ড পাওয়া গেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা এগারোটার দিকে ওই নারী মিরেরবাজার চৌরাস্তার উত্তর-পূর্ব পাশের সড়কে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো। সে সময় ঘোড়াশালগামী অজ্ঞাত একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর সঙ্গে একটি আইডি কার্ড পাওয়া গেছে। কার্ডটি নূর গ্রুপের রাইয়ান নীট কম্পোজিট লিমিটেড ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর ইস্যু করেছে। কার্ড বহনকারী ব্যক্তির নাম রেহেনা বেগম। পদবি পলি এন্ড হ্যাংটেগ ম্যান। ঠিকানা উল্লেখ রয়েছে কালিয়াকৈরের হরতকিতলা। জাতীয় পরিচয় পত্র নাম্বার ৯১৪২৭৯২৭৯৬। ধারণা করা হচ্ছে কার্ড বহনকারী ব্যক্তি নিহত ওই নারী।

জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তার সঙ্গে পাওয়া আইডি কার্ডে থাকা তথ্যের সূত্র ধরে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।