মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগিতে আগুন লেগেছে।

শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি ধোপাটিলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে চালক ট্রেন থামিয়ে দেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এলেও হঠাৎ আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, আগুন লাগার কারণ এখনও জানতে পারেননি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন সংবাদ মাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুন লাগার পর থেকে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।