হোয়াটসঅ্যাপ এবার ফোন নম্বর ছাড়াই, বেছে নিন ইউজারনেইম

সবাই যাতে নিজের কাছে গুরুত্বপূর্ণ ইউজারনেইমটি বেছে নেওয়ার সুযোগ পান, সে জন্য আগেভাগেই নাম সংরক্ষণের সুবিধা চালু করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ এবার ফোন নম্বর ছাড়াই, বেছে নিন ইউজারনেইম

গাজীপুর কণ্ঠ, প্রযুক্তি ডেস্ক

হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে কথা বলতে এতদিন ফোন নম্বর জানানো ছিল বাধ্যতামূলক। নতুন পরিচিত, কোনো সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়া ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা কোনো গ্রুপে যোগ দেওয়ার ক্ষেত্রেও অ্যাপটিতে নিজের নম্বর শেয়ার করা ছাড়া বিকল্প ছিল না।

এতোদিনের সেই নিয়ম বদলাতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

২০২৩ সালেই এ নিয়ে সংবাদ বেরিয়েছিল, যা এতোদিনে বাস্তবায়নের মুখ দেখছে।

হোয়াটসঅ্যাপের ব্লগে প্রকাশিত এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য ‘ইউজারনেইম’ সুবিধা চালু করা হচ্ছে। এর মাধ্যমে ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। সুবিধাটি সবার জন্য উন্মুক্ত হওয়ার আগে চলতি সপ্তাহ থেকেই ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ইউজারনেইম সংরক্ষণ করতে পারবেন।

কোম্পানিটির ভাষ্য, হোয়াটসঅ্যাপ এখন তিনশ কোটির বেশি মানুষ ব্যবহার করেন। এত বিপুল সংখ্যক ব্যবহারকারীর কারণে একই ধরনের নাম ব্যবহারের সম্ভাবনাও বেশি। তাই সবাই যাতে নিজের কাছে গুরুত্বপূর্ণ ইউজারনেইমটি বেছে নেওয়ার সুযোগ পান, সে জন্য আগেভাগেই সংরক্ষণের সুবিধা চালু করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের মতে, অধিকাংশ মানুষের জন্য ইউজারনেইম এমন হওয়া উচিত, যা আলাদা হবে এবং কেবল যাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তারাই সেটি জানবেন। কোম্পানিটির ভাষায়, এটি এমন একটি পরিচয় হওয়া উচিত, “যা কেবল যাদের আপনি আপনার সঙ্গে যোগাযোগ করতে দিতে চান, তারাই জানবেন।”

যারা নিজের জন্য ইউজারনেইম বেছে নিতে সমস্যায় পড়বেন, তাদের জন্য একটি ইউজারনেইম তৈরির সুবিধাও রাখা হয়েছে। এটি ব্যবহারকারীর জন্য উপযুক্ত নামের পরামর্শ দেবে।

তবে এই সুবিধা শুধু সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়।

কনটেন্ট নির্মাতা, ছোট ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মতো যাদের বিভিন্ন প্ল্যাটফর্মে একই পরিচয় ধরে রাখার প্রয়োজন হয়, তারা চাইলে নিজেদের ফেইসবুক বা ইনস্টাগ্রামের বিদ্যমান ইউজারনেইম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন।

নতুন এই সুবিধাকে প্রাইভেসি সুরক্ষার আরেকটি ধাপ হিসেবে দেখছে মেটা মালিকানাধীন সেবাটি। কোম্পানিটি বলছে, “ইউজারনেইম চালু করা হোয়াটসঅ্যাপকে আরও ব্যক্তিগত করে তোলার পথে আমাদের সর্বশেষ পদক্ষেপ।”

কোম্পানিটি বলেছে, ইউজারনেইমের কোনো উন্মুক্ত তালিকা থাকবে না। আবার কোনো ধরনের নামের পরামর্শও দেখানো হবে না। ফলে প্রথমবার যোগাযোগ করতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তির সঠিক ইউজারনেইম জানতে হবে।

এ ছাড়া, কে ইউজারনেইমের মাধ্যমে বার্তা পাঠাতে পারবেন, সেটি নিয়ন্ত্রণের জন্য একটি ঐচ্ছিক ‘ইউজারনেইম কি’ সুবিধাও রাখা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থা চালু থাকলে প্রথমবার বার্তা পাঠাতে সংশ্লিষ্ট কী-ও জানতে হবে।

আরও একটি বড় পরিবর্তন আসছে প্রথমবার যোগাযোগের ক্ষেত্রেও। হোয়াটসঅ্যাপ বলছে, ইউজারনেইম চালু হওয়ার পর এবং সেটি সক্রিয় থাকলে, প্রথমবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে বার্তা আদান-প্রদানের সময় অপর প্রান্তে আর ফোন নম্বর দেখা যাবে না।

ইউজারনেইম সংরক্ষণ করতে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে গিয়ে সেটিংস, এরপর অ্যাকাউন্ট এবং তারপর ইউজারনেইম অপশনে যেতে হবে।

আগামী কয়েক মাসে ধাপে ধাপে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে। কোনো দেশে এটি চালু হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ থেকেই জানিয়ে দেওয়া হবে।

সূত্র: বিডিনিউজ