গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকার রমনা থানা এলাকার সিদ্ধেশ্বরী রোডের একটি ভবনের আটতলার কার্নিশ থেকে পড়ে মারা গেছেন নজরুল ইসলাম (৫১) নামের এক ব্যক্তি, যিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।
পুলিশ বলছে, বুধবার (০৫ অগাস্ট) দিবাগত রাত ১২টার দিকে প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করতে রমনা থানা পুলিশ তার সিদ্ধেশ্বরীর বাসায় যায়। তিনি ভবনটির অষ্টম তলার নিজ ফ্ল্যাটে থাকতেন।
পুলিশের কাছে খবর ছিল যে তিনি বাসাতেই আছেন, কিন্তু প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে পুলিশ দেখতে পায়, তিনি শোবার ঘরসংলগ্ন কার্নিশে দাঁড়িয়ে আছেন।
পুলিশ তাকে ভেতরে ফিরে আসতে বলার মধ্যেই তিনি কার্নিশ থেকে নিচে পড়ে যান।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল সংবাদ মাধ্যমকে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল কার্নিশে গিয়ে লুকিয়েছিলেন এবং সম্ভবত পাশের ফ্ল্যাটে পালানোর চেষ্টা করছিলেন। সেই চেষ্টার মধ্যেই তিনি নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর রাত তিনটার দিকে নজরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া সংবাদ মাধ্যমকে জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাঁকে ধরতে অভিযান চালানো হয়েছিল।
গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫-এ কর্মরত থাকাকালে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
নজরুল ও তার স্ত্রী রওশনারা বেগম ওই ফ্ল্যাটে থাকতেন। ঘটনার সময় ফ্ল্যাটে রওশনারাকে পাওয়া গেলেও পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের ছেলে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।