বিশেষ প্রতিনিধি
কালিয়াকৈরে পাঁচ বছরের এক শিশুকে বলাৎকার করতে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার দায়ে মহির উদ্দিন ওরফে মহর (৪৩) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কোনাচীপাড়া-চুলিয়াচর এলাকার মৃত তমছের আলীর ছেলে। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি মহির উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
নিহত শিশুর নাম মুসা আহম্মেদ রাফি। সে উপজেলার উত্তর কালামপুর এলাকার শামীম হোসেনের ছেলে।
গাজীপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আরিফুর রহমান জানান, ২০২৩ সালের ২৬ জুন সকাল ১০টার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার কালামপুর উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে খেলার সময় নিখোঁজ হয় শিশু মুসা আহম্মেদ রাফি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
একই দিন সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় কালামপুর এলাকার সোহাগপল্লীর উত্তর পাশে একটি সীমানাপ্রাচীরের ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির গলায় নিজের ব্যবহৃত বেল্ট বাঁধা অবস্থায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. শামীম মীর বাদী হয়ে ২৭ জুন ২০২৩ কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন।
অতিরিক্ত পিপি আরও জানান, তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামি মহির উদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আরিফুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তমিজ উদ্দিন।