শ্রীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে হত্যার পর বালুচাপা দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বিধায় এলাকায় এক স্কুলছাত্রকে হত্যার পর বালুচাপা দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে বালুচাপা দেওয়া অবস্থা থেকে জাহিদ হাসান (১০) নামে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জাহিদ বিধায় গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কলিম উদ্দিন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে জাহিদ খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করেন। শুক্রবার সকালে শিশুটির বাবা ও নানী আবার খুঁজতে বের হয়ে বাড়ির পাশের নির্মাণাধীন একটি কারখানার প্রাচীরের ভেতর মাঠে স্তুপ করা বালুর ভেতর তার লাশ দেখতে পান। শিশুর মুখমন্ডল ছাড়া পুরো শরীর বালুর নিচে চাপা ছিল।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলছে বলে জানান তিনি।