এসি ল্যান্ড অফিসে তিন বছরের বেশি সময় চাকরিরতদের বদলির নির্দেশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাঠপর্যায়ে ভূমিসংক্রান্ত সেবা আরো জনবান্ধব করতে এবং দুর্নীতি কমিয়ে আনতে এসি ল্যান্ড অফিসে (সহকারী কমিশনার ভূমি) বদলিতে নতুন নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আর এরই অংশ হিসেবে এসি ল্যান্ড অফিসে তিন বছরের বেশি সময় চাকরি করা সব কর্মচারীকে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দিয়ে গত ২৪ ডিসেম্বর সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে একাদশ জাতীয় সংসদে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) অফিসে তিন বছরের বেশি কাজ করা কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত বদলির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো নির্দেশনায় সংসদীয় কমিটির সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, সহকারী কমিশনার (ভূমি) অফিসের যেসব কর্মচারীর চাকরিকাল তিন বছর পার হয়েছে তাঁদের ২৯ ডিসেম্বরের মধ্যে বদলি/পদায়ন করতে হবে এবং গৃহীত কার্যক্রমের তথ্য ৩০ ডিসেম্বরের মধ্য ভূমি মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

আগামী ১ জানুয়ারি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। সেখানে এসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button