জার্মানির ৭০ ভাগ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন: জার্মান চ্যান্সেলর

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করা করোনাভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ১১৫টি দেশে।

মঙ্গলবার প্রথমবারের মতো জার্মানিতে দুই জনের প্রাণহানি ঘটেছে এ ভাইরাসের কারণে।

এ পরিস্থিতিতে আরও বড় আশঙ্কার কথা জানালেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি বললেন, ‘জার্মানির মোট জনসংখ্যার ৭০ ভাগ মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বুধবার স্বাস্থ্যমন্ত্রী জ্যান্স স্পেনকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান আঙ্গেলা ম্যার্কেল।

তিনি বলেন, ‘দেশের ৭০ ভাগ অর্থাৎ, ৫ কোটি ৮০ লাখ মানুষ এই ভারাসে আক্রান্ত হতে পারেন।’

ম্যার্কেল বলেন, ‘এই রোগের প্রতিষেধক এখনো আবিষ্কার না হওয়ায় ভাইরাসের প্রাদুর্ভাব কমিয়ে আনার ওপর জোর দিতে হবে। এটা জয়ী হওয়ারই সময়।’

সর্বশেষ খবর অনুযায়ী জার্মানিতে করোনার সংক্রমণে আজ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩-এ। আর আক্রান্তের সংখ্যা এক হাজার ২৯৬ জনে ঠেকেছে।

সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেন, ‘এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাকে শুধুমাত্র সীমান্ত বন্ধ করাই সমাধান নয়।’ অন্য দেশ থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।

জার্মান চ্যান্সেলর আরও বলেন, ‘পারাষ্পারিক নির্ভরতা, কমন সেন্স ও একে অন্যের প্রতি যত্নশীল হওয়ারও পরীক্ষা এটি। আশা করি এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারব।’

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। প্রাণঘাতী এই ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪ জন; এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ১৩৬ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button