গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় গাজীপুরের দু’জনসহ আবারও রেকর্ড সংখ্যক ২১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ৪০৮ জন এবং শনাক্ত হয়েছে ১ হাজার ২৫১ জন। এ নিয়ে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল।
মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের ১৩ জন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, তিনজন বাসায় এবং পাঁচজন হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন। বয়সের দিক থেকে একজন ১১ থেকে ২০ বছরের, দুজন ২১ থেকে ৩০ বছরের, দুজন ত্রিশোর্ধ্ব, পাঁচজন চল্লিশোর্ধ্ব, পাঁচজন পঞ্চাশোর্ধ্ব, চারজন ষাটোর্ধ্ব এবং দুজন সত্তরোর্ধ্ব।
এদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের চারজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন। ঢাকা বিভাগের মধ্যে রাজধানীতে সাতজন এবং ঢাকা জেলায় দুজন, গাজীপুরে দুজন, নারায়ণগঞ্জে দুজন ও নরসিংদীতে একজন মারা গেছেন। চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় একজন, কুমিল্লা জেলায় দুজন, চাঁদপুরে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য তিন বিভাগের মধ্যে শেরপুর, বাগেরহাট ও ঝালকাঠিতে একজন করে মারা গেছেন।
অধ্যাপক নাসিমা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ৯১টি। নমুনা পরীক্ষা করেছি ৮ হাজার ৪৪৯টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ২৫১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৫ হাজার ১২১ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩৭০ জন। সুস্থ হয়েছে ৪০৮ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৯৯৩ জন।’
এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬০২ জন, মৃত্যু হয় ২১ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ১ হাজার ২৭৩ জন, মারা যায় ১৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।