সীমান্তে ভারতীয় দম্পতিকে পেটালো নেপাল পুলিশ

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে ভারতীয় নাগরিকদের আবারো পিটিয়েছে নেপালের পুলিশ। মারধর করা হয় ভারতীয় এক দম্পতিকে। নেপাল পুলিশের মারধরে তারা আহত হন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিহার সীমান্তে এ ঘটনা ঘটে। এসময় ক্ষুব্ধ হয়ে সীমান্তে ভারতীয়রা একত্রিত হলে তাদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় গুলি চালায় নেপাল ‍পুলিশ।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস’এর খবরে বলা হয়, শুক্রবার বিকেলে পশুর খাবার জোড়ার করতে নেপালের ভূখণ্ডে ঢুকে পড়েন সীমা দেবী। এসময় তার সঙ্গে ছিলেন মঞ্জু দেবী ও কুন্দন কুমার।

বিহারের রাজ্য পরিষদের সদস্য রামপুকার সিনহা বলেন, নেপালের সীমানায় প্রবেশ করার পর ওই মহিলার সাথে বাকবিতণ্ডায় জড়ায় নেপাল পুলিশ। তারপর তাকে মারধরও করে।

সন্ধ্যায় মারধরের প্রতিবাদে সীমান্তে খারসাওয়ালা এবং আশপাশের গ্রামের বাসিন্দারা জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাকা গুলি চালায় নেপালের সশস্ত্র বাহিনী।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বিহারের কিষানগঞ্জ জেলার তেরহাগাছ ব্লকের ফতেহপুরের ভারত-নেপাল সীমান্তে ভারতীয়দের লক্ষ্য করে গুলি চালিয়েছিল নেপাল পুলিশ। এতে আহত হয়েছিলেন একজন।