কালীগঞ্জে ইয়াবা-বিয়ারসহ আওয়ামী লীগ নেতারা স্ত্রী-ছেলে গ্রেপ্তার

গাজীপুর কন্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকার নিজ বাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার স্ত্রী ও ছেলেকে ইয়াবা-বিদেশি বিয়ারসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
গ্রেপ্তাররা হলেন- কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কামাল উদ্দিন দেওয়ানের স্ত্রী মোছা. শাহিদা বেগম বিনা (৫০) ও তার ছেলে দেওয়ান নাবিদ হাসান তিলক (১৯)।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকায় র্যাব-১ এর সিপিসি-৩’র একটি টিম অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেছে।
এসময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ও ১০ ক্যান বিদেশি বিয়ার, একটি মোবাইল ও নগদ ৭ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-৩) মুশফিকুর রহমান তুষার বলেন, কালীগঞ্জ পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকায় কামাল উদ্দিন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে মাদক কেনা-বেচার সময় শাহিদা বেগম ও তার ছেলে নাবিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শাহিদার বড় ছেলে নাহিদ হাসান এলিন কক্সবাজার থেকে ইয়াবা এনে কালীগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে’ মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।



