ক্ষতিপূরণ পাচ্ছে করোনায় মৃত ৯ পুলিশ সদস্যের পরিবার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কর্তব্যরত অবস্থায় কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া নয় জন পুলিশ সদস্যের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সাড়ে ৩৭ লাখ টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে গত রোববার অর্থ বিভাগ সরকারি চাকরির গ্রেড অনুযায়ী শোকসন্তপ্ত পরিবারের ক্ষতিপূরণের টাকা মঞ্জুর করার জন্য চিফ অ্যাকাউন্টিং অফিসারের কাছে চিঠি দিয়েছে।

এ ব্যাপারে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশ সদস্যদের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। সেই তালিকা যাচাই বাছাই শেষে ৯ জনকে চূড়ান্ত করে অর্থ মঞ্জুরের জন্য চিঠি দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অর্থ মঞ্জুর হতে পারে।

এ নয় পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন, এসবির উপ পরিদর্শক মো. রাসেল বিশ্বাস, পুলিশ পরিদর্শক অনিতা রানী দাস, উপ পরিদর্শক মোশাররফ হোসেন শেখ, ডিএমপির পরিদর্শক রাজু আহমেদ, চট্টগ্রাম জেলার কনস্টেবল মুখলেছুর রহমান ডিএমপি আলমগীর হোসেন, ডিএমপির নায়েক মো. আল মামুনুর রশিদ, সিরাজগঞ্জ জেলার পরিদর্শক ফজলুল রহমান ও রাজশাহীর এএসআই আবুল কালাম আজাদ।