পৌরনির্বাচনে নৌকার টিকিট প্রার্থী ‘রাজাকারের ছেলে’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব‌্য পৌরনির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোয়ন দিতে সংসদ সদস‌্য রেবেকা মোমিনের ব‌্যক্তিগত সহকারী তোফায়েল আহমেদের পক্ষে সুপারিশ করা হয়েছে দলের তৃণমূল থেকে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

তাদের অভিযোগ, দলীয় প্রতীক নৌকার টিকিট পাওয়া তোফায়েল আহমেদ একাত্তরের রাজাকারের বংশধর। তোফায়েল আহমেদের বাবা আব্দুল হেকিমের নাম ‘মুক্তিযোদ্ধা সংসদের ৭১-এর শান্তি কমিটি’র গ্যাজেটের ৩০ নম্বর ক্রমিকে রয়েছে বলেও তারা অভিযোগ করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন কমিটিতে জমা পড়া একাধিক অভিযোগ থেকে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, সর্বোচ্চ ৩ জনের নাম তৃণমূল থেকে পাঠানো কথা থাকলেও মোহনগঞ্জ পৌরসভা থেকে কেবল তোফায়েল আহমদের জন‌্য সুপারিশ করা হয়েছে। যদিও ওই পৌরসভায় আরও কয়েকজন মনোনয়ন-প্রত্যাশী রয়েছেন।

গত শনিবার (৫ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটিকে লেখা এক অভিযোগে মনোনয়ন-প্রত্যাশী ও মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিখেছেন, ‘গত ৩ ডিসেম্বর মেয়র প্রার্থী হিসেবে আমার নাম তৃণমূল সভায় প্রস্তাব করেছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ ইকবাল। এরপরও তৃণমূল থেকে জেলায় আমার নাম পাঠানো হয়নি। আমি জেলা কমিটিতে অভিযোগ করতে চাইলেও সেই অভিযোগ গ্রহণ করা হয়নি।’

কামরুজ্জামান আরও লিখেছেন, ‘দলীয় কোন্দলে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি লতিফুর রহমান রতনও এককভাবে আলাদা রেজুলেশনে নিজের নাম প্রার্থী হিসাবে কেন্দ্রে পাঠিয়েছেন।’

একইভাবে মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক দলীয় মেয়র প্রার্থী কাজল সরকার, কেন্দ্রীয় মৎস‌্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্নিক দলের কেন্দ্রীয় কমিটিতে অভিযোগ করেছেন। যার অনুলিপি কার্যালয়ে সংরক্ষিত আছে।

এদিকে, এমপির এপিএস তোফায়েল আহমদের বাবা মহান স্বাধীনতা যুদ্ধে শান্তি কমিটির সদস্য ছিলেন, এমন অভিযোগ করেছেন মোহনগঞ্জ আওয়ালী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত রনি। তিনি মোহনগঞ্জের ‘শান্তি কমিটি’র গ্যাজেট সংযুক্ত করে দলের কেন্দ্রীয় কমিটিতে অভিযোগ করেছেন।

অভিযোগে রনি লিখেছেন, ‘তোফায়েল আহমদ একজন স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান। তারা বাবা আব্দুল হেকিম ছিলেন রাজাকার। মুক্তিযোদ্ধা সংসদ থেকে সংগৃহীত ৭১-এর শান্তি কমিটির গ্যাজেটে র ৩০ নম্বর ক্রমিকে তার নাম আছে।’

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমদ বলেন, ‘প্রশ্নই আসে না। এসব অভিযোগ অবান্তর। প্রার্থী হলে মানুষ তো প্রোপাগান্ডা করেই। প্রোপাগান্ডা ছাড়া এগুলো কিছুই না। আমার বাবার নাম আব্দুল হেকিম তালুকদা।’ হেকিম নামে আরেকজন রয়েছেন বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক বলেন, ‘এটা নিশ্চিতভাবে বলা কঠিন যে, একই নামে দুই হেকিম আছেন। গ্যাজেটে যে নাম আছে, সেখানে হেকিমের বাবার নাম উল্লেখ নেই। এই হেকিমই তোফায়েলের বাবা কি না, খোঁজ নিয়ে দেখতে হবে।’

উল্লেখ‌্য, দেশের ৩ শতাধিক পৌরসভার মধ্যে দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে ২০২১ সালের ১৬ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২০ ডিসেম্বর। বাছাই ২২ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর।

 

সূত্র: রাইজিংবিডি.কম