গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিক্রির সময় জ্বালানি তেল মাপে কম দেয়ার অভিযোগে পূবাইলের ‘মেসার্স খোকন ফিলিং স্টেশনে’ মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে পূবাইল কলেজ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসটিআই।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বিক্রির সময় জ্বালানি তেল মাপে কম দেয়ার অভিযোগে মঙ্গলবার দুপুরে পূবাইলের ‘মেসার্স খোকন ফিলিং স্টেশনে’ বিএসটিআই ও গাজীপুর জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। জ্বালানি তেল পরিমাপে ৪টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ৫ লিটারে যথাক্রমে ৩২০, ৩১০, ২৯০ ও ১৫০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৩৬০ মিলিলিটার তেল গ্রাহকদের কম প্রদান করে বলে অভিযানে প্রমাণ পাওয়া যায়। সে সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই আরো জানায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক নাজমুস সায়াদতের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর রহমান।