কালীগঞ্জে অস্ত্র উদ্ধার: আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কারের দাবি যুবলীগের!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের গোল্লারটেক এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস থেকে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার এবং আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বরুণকে গ্রেপ্তারের পরও দিন দিন উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় রাজনীতিতে।
ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কারের দাবি জানিয়েছে ইউনিয়ন যুবলীগের দুই নেতা।
শনিবার (৩ জুলাই) রাতে জামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হাসান শেখ ও সাধারণ সম্পাদক জোনায়েত খন্দকার স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ দাবি জানানো হয়।
গ্রেপ্তার আসাদুজ্জামান বরুণ (৪০) জামালপুর গ্রামের মৃত আরমান মাস্টারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক। অপর আসামি একই এলাকার মোসলেহ উদ্দিন মোড়লের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোড়ল (৩৮) এবং মৃত ইব্রাহিম মুন্সির ছেলে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নেছার উদ্দিন (৪২)।

যুবলীগের দুই নেতা স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে জানানো হয়, গত ২০ জুন (রোববার) সকাল সাড়ে এগারোটার সময় জামালপুর ইউনিয়নের গোল্লারটেক চৌরাস্তায় কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেনের উপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। হামলাকারী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বরুণ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোড়ল এবং জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নেসার উদ্দিনসহ চিহ্নিত সন্ত্রাসীদের দল থেকে বহিষ্কার ও দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোড় দাবি জানাচ্ছি।
আরো বলা হয়েছে, সেই সাথে কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস.এম আলমগীর হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসী আসাদুজ্জামান বরুণের ভাই মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত মনিরুজ্জামান অরুণ ও সন্ত্রাসী নেছার উদ্দিন যে কুৎসা, মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

লিখিত প্রতিবাদ লিপির বিষয়টি নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জোনায়েত খন্দকার বলেন, ”শনিবার (৩ জুলাই) রাতে জামালপুর ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। পরে বিষয়টি জামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হাসান শেখ ও আমার স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে জানানো হয়েছে।”
উল্লেখ্য: বিদেশী পিস্তল উদ্ধারের ঘটনায় গত ২০ জুন দিবাগত রাতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিহাদুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় তিন জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন [মামলা নাম্বার ২২(৫)২১]।
মামলায় আসাদুজ্জামান বরুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও পলাতক সাইফুল ইসলাম মোড়ল এবং নেছার উদ্দিনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ’গত ২০ জুন (রোববার) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে জামালপুরের গোল্লারটেক চৌরাস্তা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন এবং তার বোন শাহিনুর বেগমের সঙ্গে আসাদুজ্জামান বরুণ, সাইফুল ইসলাম মোড়ল এবং নেছার উদ্দিন মোড়লসহ অজ্ঞাত আরও সাত-আটজনের কাটাকাটি হয়। একপর্যায়ে আলমগীর ও তার বোন শাহিনুর বেগমকে অভিযুক্তরা মারধর করে হত্যার উদ্দেশ্যে অস্ত্র প্রদর্শন করে। সে সময় তাদের ডাক-চিৎকারে বাজারের দোকানদার ও স্থানীয়রা এগিয়ে আসলে বরুনসহ তার সহযোগীরা দৌড়ে পাশে থাকা ফারুক মাস্টারের নির্বাচনী অফিসে প্রবেশ করে। পরে স্থানীয়রা নির্বাচনী অফিস ঘেরাও করে। এ সময় বরুণসহ অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসাদুজ্জামান বরুণকে জহুরুদ্দিনের বাড়িতে অবরুদ্ধ রেখে মারধর করে স্থানীয়রা। অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।’
এজাহারে আরো উল্লেখ আছে, ‘সে সময় অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বরুণ জানায় তার অস্ত্র জনৈক ফারুক মাস্টারের নির্বাচনী অফিসের সিলিং-এর উপরে রাখা আছে। পরে স্থানীয় সাক্ষীদের সামনে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কাঠের বাট যুক্ত বিদেশি পিস্তল (মেডিন ইন্ডিয়া), দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন জব্দ করা হয়। গ্রেপ্তার বরুণ আহত থাকায় তাকে পুলিশ পাহারায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।’
আরো জানতে….
কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর অফিস থেকে অস্ত্র উদ্ধার: আ. লীগ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা
কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা বরুণ আটক: অস্ত্র উদ্ধার
কালীগঞ্জে যুবলীগের সভাপতিকে অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা, ছবি ভাইরাল



