করোনায় মারা গেলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব
গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাস কেড়ে নিলো রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের প্রাণ।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন আহসান হাবীব। তিনি ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
তিনি বাবা-মা, স্ত্রী, ৫ ভাই, ২ বোনসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন ।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ শুক্রবার বিকেল ৩টায় তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
প্রসঙ্গত, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ১০১ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।
আইজিপি’র শোক
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনায় জীবন উৎসর্গকারী অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘মো. আহসান হাবীব একজন প্রতিশ্রুতিশীল প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারালো। ’
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



