অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: চার জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

গাজীপুর কণ্ঠ ডেস্ক : অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে মহানগরের দিঘির চালা এলাকা থেকে চার জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো‑ মো. হাবিবুর রহমান হৃদয় (২৩), বিভাস চন্দ্র দাশ (২৪), মাজহারুল ইসলাম (২৩), মো. অমি মিয়া (২০)।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, অনলাইনে ভুয়া বিজ্ঞাপন দিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে এই চক্রটি বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। বিশেষ করে শিক্ষিত বেকাররা ছিল তাদের টার্গেট। গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি’র দিঘীরচালা এলাকার নুর প্লাজার ৩য় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৮ সেট জীবন বৃত্তান্ত ফরম, বিভিন্ন নামে পূরণকৃত ৪টি নিয়োগ ফরম, ৪টি খালি নিয়োগ ফরম, ৭টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ডসহ নগদ ৩২০০ টাকা উদ্ধার করা হয়।

মুশফিকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চক্রটি অনলাইন পোর্টালে বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছিল। অনেকেই প্রকৃত প্রতিষ্ঠান মনে করে চাকরি জন্য আসতো এবং প্রতারিত হতো। চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে লোকজনের কাছে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। গ্রেপ্তারকৃত আসামিরা এ ধরনের প্রতারণার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button