কালীগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে বাস চাপায় প্রাণ গেল যুবকের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে সেভেন রিংস সিমেন্ট বোঝাই একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মোহাম্মদ আলী (৩২)। তিনি পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।
আহতরা হলো, মানিকগঞ্জ সদরের মঙ্গল মিয়ার ছেলে মোহাম্মদ আরমান (৫০), গোমাই দাশের ছেলে লিটন দাশ(৩৫) এবং ধামরাইয়ের কেশব আলীর ছেলে আনিসুর রহমান। তারা সকলেই বাস যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ফরহাদ বলেন, কালীগঞ্জের বালীগাঁও এলাকায় নাভানা পাইপ এবং প্লাস্টিক কারখানা সংলগ্ন টঙ্গী-ঘোড়াশাল সড়কে সেভেন রিংস সিমেন্ট বোঝাই ঘোড়াশালগামী একটি ট্রাক বিকল হয়ে যায়। পরে রাতের অন্ধকারে কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিকল ট্রাকটি মেরামতের কাজ চলছিল। সে সময় ট্রাকের চালকের সঙ্গে ঘুরতে আসা মোহাম্মদ আলীও ট্রাকের পেছনে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে এগারোটা দিকে টঙ্গী থেকে ছেড়ে আসা বাদশা ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আলীকেসহ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে রাত ১২ টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ট্রাক চালক বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছিল মোহাম্মদ আলী। তাদের ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় দাঁড় করিয়ে মেরামত করছিল। হঠাৎ করে পেছন থেকে বাদশা ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস এসে মোহাম্মদ আলীকেসহ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার এবং ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



