বহিষ্কৃত জাহাঙ্গীরের মেয়র পদের বিষয়ে ’আইন পর্যবেক্ষণ’ করে সিদ্ধান্ত নেওয়া হবে: মন্ত্রী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
শনিবার (২০ নভেম্বর) হোটেল সোনারগাঁওয়ে খসড়া বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপ (২০১৬-২০৩৫) চূড়ান্তকরণের লক্ষ্যে আয়োজিত জাতীয় সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ’গাজীপুর সিটি মেয়রকে দলীয় সিদ্ধান্তের ওপর ভিত্তি করে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি মেয়র পদে থাকবেন কি না সেটা আইন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয় মেয়র জাহাঙ্গীর আলমকে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি কটূক্তি করে দল থেকে কারণ দর্শানো এ নেতাকে দলের পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করে দেওয়া গাজীপুর সিটি মেয়রের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। মেয়র থেকে পদত্যাগ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে গাজীপুর নগরের কয়েকটি স্থানে বিক্ষোভ করেন দলীয় নেতাকর্মীরা।



