হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, চীনের হস্তক্ষেপ কামনা
রয়টার্স: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও রবিবার চীনকে আহ্বান জানিয়েছেন, যাতে তারা ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে উৎসাহিত করে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এই প্রতিক্রিয়া আসে।
রুবিও ফক্স নিউজের “Sunday Morning Futures with Maria Bartiromo” অনুষ্ঠানে বলেন, “আমি চীনা সরকারকে আহ্বান জানাই—তারা যেন ইরানকে এই বিষয়ে ফোন করে বোঝায়, কারণ তাদের তেল আমদানির একটি বড় অংশ এই প্রণালীর ওপর নির্ভরশীল।”
তিনি আরও বলেন, “হরমুজ প্রণালী বন্ধ করা হলে তা হবে ইরানের জন্য একটি ভয়াবহ ভুল। এটি অর্থনৈতিক আত্মহত্যার সামিল। আমরা এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত, তবে অন্যান্য দেশগুলোরও এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত, কারণ এতে তাদের অর্থনীতি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।”
রুবিওর এই বক্তব্য আসে এমন এক সময়ে, যখন ইরানের প্রেস টিভি জানায়, ইরানি পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের পক্ষে একটি প্রস্তাব পাস করেছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী ব্যবহৃত তেল ও গ্যাসের প্রায় ২০% এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ১৪টি বাঙ্কার-বাস্টার বোমা, দুই ডজনেরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র এবং ১২৫টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো “সম্পূর্ণভাবে ধ্বংস” করেছে। এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার এক নতুন অধ্যায় সূচিত করেছে।
তেহরান এরইমধ্যে পাল্টা প্রতিশোধের অঙ্গীকার করেছে। তবে রুবিও রবিবার সতর্ক করে বলেন, “যদি তারা প্রতিশোধের পথে যায়, তা হবে তাদের সবচেয়ে বড় ভুল।”
তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।
চীনের ওয়াশিংটন দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।



