গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইল কলেজ গেইট এলাকায় পুরনো টায়ার বয়লারে পুড়িয়ে ‘লুব্রিকেন্ট অয়েল’ তৈরির ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল’ কারখানা সিলগালা করেছে জেলা প্রশাসন।
এছাড়ও জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকা সত্বেও কারখানা চালু রাখার অপরাধে চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কারখানায় অবৈধ পন্থায় পলিথিন পোড়ানো ও উন্মুক্ত অবস্থায় ক্ষতিকর ধোঁয়া নিষ্কাশনের অভিযোগ ছিল।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।
বৃহস্পতিবার (১৮এপ্রিল) ‘জেলা প্রশাসক গাজীপুর’ এর অফিসিয়াল ফেসবুকে এ তথ্য জানানো হয়।
উল্লেখ: ২০১৬ সালের ২৩ জানুয়ারি ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল’ কারখানায় বিকেল ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়ে ভস্মীভূত হয় পুরো কারখানা। এতে মারা যায় কারখানার পাঁচ শ্রমিক। কারখানার সামনের সড়ক দিয়ে যাওয়া এক রিকশাচালক ও রিকশার আরোহী স্কুল শিক্ষিকাসহ প্রাণহানি সব মিলিয়ে সাতজন। আহত হয় অনেকে।
ওই দিন রাতেই জেলা প্রশাসন অগ্নিকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্ত করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান এবং শিল্প পুলিশের সহকারী পরিচালক ও ফায়ার সাভির্সের উপসহকারী পরিচালককে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
অন্যদিকে ফায়ার সার্ভিস ঢাকা জেলা সহকারী পরিচালককে প্রধান করে তিন সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করে। দুই কমিটিই দুর্ঘটনার জন্য সাতজনকে দায়ী করে প্রতিবেদন দেয়।
পরে বয়লার বিস্ফোরণে সাতজনের প্রাণহানির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। তিন বছর আগের ওই বিস্ফোরণের ঘটনায় কারো বিরুদ্ধে অপরাধ খুঁজে যায়নি মর্মে ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর আসামিদের অব্যাহতি দিয়ে অত্যন্ত গোপনে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। আদালত গত বছরের ১৭ ডিসেম্বর প্রতিবেদনটি আমলে নিলে মামলা থেকে অব্যাহতি পান কারখানার মালিক-ব্যবস্থাপকসহ তিন আসামি।
ওই মামলায় যাঁরা আসামি ছিলেন তাঁরা হলেন কারখানার মালিক পূবাইলের বসুগাঁও এলাকার ইমান উদ্দিন, জমির মালিক বাছেদ বেপারী, কারখানার ব্যবস্থাপক মো. শাহীন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের সাবেক উপমহাপরিদর্শক মো. সহিদুল ইসলাম, তৎকালীন উপমহাপরিদর্শক ফরিদ আহমেদ, পরিবেশ অধিদপ্তরের গাজীপুরের তৎকালীন উপপরিচারক সোনিয়া সুলতানা ও পুবাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সুলতান উদ্দিন আহমেদ।
মামলা থেকে অব্যাহতি পেয়ে নতুন উদ্যমে ফের চালু করেছিল পুরনো টায়ার বয়লারে পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল’ কারখানাটি।