পূবাইলের ডাকাতিতে জড়িত ৪ ডাকাত গ্রেপ্তার, লুষ্ঠিত মাল উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের ছিকলিয়ায় এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি)।
পূবাইল, ঢাকা ও নরসিংদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
রোববার (০৬ মার্চ) বিকেলে জিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো: জাকির হাসান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- ময়মনসিংহের ধোবাউড়া থানার গোস্তাবালি এলাকার সুমন মিয়া (৩২), সুনামগঞ্জের দিরাই থানার হোসেনপুর এলাকার জামাল মিয়া (৩২), কুমিল্লার দেবিদ্বার থানার গুনাইঘর এলাকার মো তানভীর (২৯) এবং হবিগঞ্জের মাধবপুর থানার হরিতলা এলাকার শাহ আলম (৩৫)।
উপ-কমিশনার জাকির হাসান জানান, গত ২৬ ফেব্রুয়ারি রাতে মহানগরের পূবাইল থানার ছিকলিয়ায় এলাকার বাদল চন্দ্র দাসের বাড়ির মেইন গেইট ও দোতলায় বেড রুমের দরজার লক ভেঙ্গে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত রুমে প্রবেশ করে। পরে গৃহকর্তা এবং তার স্ত্রীকে জিম্মি করে নগদ প্রায় সোয়া ২ লাখ টাকা, বিভিন্ন জুয়েলারীসহ সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার এবং একটি মোবাইলফোন লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় ২৮ ফেব্রুয়ারি পূবাইল থানার মামলা হয়। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূবাইল থানার একটি টিম শনিবার রাতে পূবাইল থানা এলাকা, ঢাকা ও নরসিংদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ডাকাতির জড়িত ওই চার ডাকাতকে গ্রেপ্তার এবং তাদের নিকট হতে লুণ্ঠিত নগদ ৯ হাজার ৫৩০ টাকা, তিন জোড়া কানের দুল, একটি আংটি, একটি চেইন, একটি গলার হার উদ্ধার করা হয়। লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ অন্য ডাকাকতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্নস্থানে ডাকাতি করে। দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।



