গাজীপুর কণ্ঠ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনা জেলার পূর্বধলা হোছাইনিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ হাবিবুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ মার্চ) জেলা ও দায়রা জজ শাহ জাহান কবীর সাবেক অধ্যক্ষের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, অবৈধভাবে নিয়োগ প্রদান, জেলা পরিষদ অনুদানের টাকা আত্মসাৎ, অভ্যন্তরীণ হিসেবে অনিয়ম, দুর্নীতি এবং হিসাব সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে ২০১৮ সালে ওই মাদ্রাসার অফিস সহকারী আশরাফ উজ্জামান নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তভার পড়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহের কাছে। দুদক তদন্ত শেষে আদালতে প্রতিবেদন প্রদান করলে আদালত তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এতে নির্ধারিত ১ম তারিখে তিনি আদালতে হাজির হননি। দীর্ঘ দিন পলাতক থাকার পর মঙ্গলবার আদালতে হাজির হলে ওই অধ্যক্ষকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।