কালীগঞ্জে সেভেন রিংস সিমেন্ট বোঝাই কভার্ড ভ্যান চাপায় পথচারীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে সেভেন রিংস সিমেন্ট বোঝাই কভার্ড ভ্যান চাপায় আক্তার হোসেন (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘাতক কভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (২৫ মার্চ) বিকেল ৪টার দিকে চরসিন্দুর-জয়দেবপুর সড়কে মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন মোক্তারপুরের পোটান গ্রামের আঃ রউফের ছেলে।

পুলিশ ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম বলেন, বিকেল চারটার দিকে আক্তার হোসেন তার বাড়ি থেকে বের হয়ে নোয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। সে সময় জয়দেবপুরগামী সেভেন সার্কেলের সেভেন রিংস সিমেন্ট বোঝাই একটি কভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-উ-১১-১৯৫০) পেছন থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর কভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে যায়। ঘাতক কভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং গাড়ি জব্দ করেছে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আবেদনের প্রেক্ষিতে নিহতের স্বজনদের কাছে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করেছে পুলিশ।

 

আরো জানতে…..

কালীগঞ্জে সেভেন রিংস সিমেন্ট কারখানায় কিশোর শ্রমিকের মৃত্যু, ২ লাখ টাকায় রফা

কালীগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে বাস চাপায় প্রাণ গেল যুবকের