গাজীপুর কণ্ঠ ডেস্ক : নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া বাজারের একটি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই তেল খোলাবাজারে বিক্রি করা হয়।
বুধবার (১১ মে) রাত ৮টার দিকে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নাটোর ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে অভিযান চালানো হয়।
মৌখাড়া বাজারের ওই স্টোরের মালিক বড়াইগ্রাম পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মাজেদুল বারী নয়ন।
মেয়র নয়ন জানান, তিনি রাজনীতি ও পৌরসভার কাজে বেশি ব্যস্ত থাকায় ব্যবসার দিকে খেয়াল রাখতে পারেননি। দোকানের ম্যানেজার এগুলো দেখাশুনা করেন। এভাবে তেল মজুদ রাখা অবশ্যই অপ্রত্যাশিত। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর।