গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।
শনিবার (১ জুন) বিকালে তেঁতুলিয়া এলাকায় কাপাসিয়া-রাণীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
নিহত দুই ভাই হলেন– সোবাহান (৪৫) ও খোরশেদ আলম (৩০)। তারা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আব্দুর রশীদের ছেলে।
নিহতদের বাবা আব্দুর রশিদ জানান, সৌদি আরব প্রবাসী খোরশেদ বড় ভাই সোবাহানকে নিয়ে ঈদের কেনাকাটা করার জন্য আজ (শনিবার) সকালে বাড়ি থেকে কাপাসিয়া বাজারে যান। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে তেঁতুলিয়া এলাকার (বাইপাস) নামক স্থানে কাপাসিয়া-রাণীগঞ্জ সড়কে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে তাদের বহনকারী মোটরসাইকেল সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল ইসলাম জানান, কোনও অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।