গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা, আটক ৫৪

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা, আটক ৫৪

নিজস্ব সংবাদদাতা : গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ মে) গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ।

এর আগে রোববার (৪ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়ি বহরে হামলা হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ রাতেই ৫৪ জনকে আটক করে।

জিএমপি সূত্রে জানা যায়, ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে। প্রথমে মহানগরীর বাসন এলাকা থেকে যুবলীগ নেতা নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুকে আটক করা হয়। পরে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে আরও ৫৪ জনকে আটক করা হয়।

জিএমপির উপকমিশনার রবিউল হাসান জানান, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে পড়লে চার-পাঁচটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা চালায়। এতে তিনি হাতে আঘাত পান এবং গাড়ির কাঁচ ও উইন্ডশিল্ড ভেঙে যায়। পরে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, তিনি হাতে রক্তাক্ত হয়েছেন। সবাইকে অনুরোধ করব, পাশে থাকুন, তাকে সুরক্ষা দিন।”

হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাজীপুর জেলা এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাত ৯টায় তারা মশাল মিছিল বের করে। এছাড়াও বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।