ইরানে বেড়েই চলছে মোসাদ আতঙ্ক

ইরানে বেড়েই চলছে মোসাদ আতঙ্ক

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম নিয়ে ইরানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ইসরায়েলি হামলার পর রাজধানী তেহরানে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। সোমবার এক ব্যক্তিকে এই অভিযোগে ফাঁসি দেওয়া হয়, যাকে দুই বছর আগে আটক করা হয়েছিল।

এর পাশাপাশি, “সায়োনিস্ট শাসনের পক্ষে” অনলাইনে পোস্ট শেয়ার করার অভিযোগে দেশজুড়ে আরও বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু ইসফাহানে ৬০ জনকে আটক করা হয় – যেখানে ইসরায়েল দাবি করছে তারা একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

ইরানি গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলার আগেই মোসাদ তাদের দেশে অস্ত্র পাচার করে এবং সেগুলো ব্যবহার করে অভ্যন্তরীণভাবে হামলা চালায়। এতে করে গোটা রাষ্ট্র ব্যবস্থায় একপ্রকার অবিশ্বাস ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইরানের তেহরানে, দোকানপাট বন্ধ থাকায় ঐতিহাসিক গ্র্যান্ড বাজার ধরে খুব কম পথচারী হেঁটে যাচ্ছেন।

গোয়েন্দা মন্ত্রণালয় সাধারণ জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে এবং সন্দেহভাজনদের রিপোর্ট করতে বলেছে। তারা সন্দেহের তালিকায় রেখেছে: রাতেও যারা মাস্ক, টুপি, সানগ্লাস পরে, যারা নিয়মিত কুরিয়ারে বড় বড় প্যাকেট গ্রহণ করে, ঘরে অস্বাভাবিক শব্দ (ধাতব যন্ত্রপাতির শব্দ, চিৎকার, ঠক ঠক আওয়াজ) শোনা গেলে, যারা দিনের বেলাতেও জানালার পর্দা টেনে রাখে।

একটি সরকারি পোস্টারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে এমন বাড়ি ও ভাড়াটিয়াদের নিয়ে, যাদের পরিচয় সন্দেহজনক বা যাদের আচরণ অসাধারণ।

ইতোমধ্যে বাসিজ বাহিনী (ইরানের রেভোলিউশনারি গার্ডের একটি শাখা) রাতের পাহারায় নামানো হয়েছে। রাস্তার সাংবাদিকতার ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে – ফটো তোলা নিষিদ্ধ।

ইরানের পুলিশ প্রধান আহমদ-রেজা রাদান এক ভিডিও বার্তায় “বিশ্বাসঘাতকদের” আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বলেছেন, যারা প্রতারণার শিকার হয়ে ইসরায়েলের সঙ্গে জড়িয়েছে, তারা যদি আগেই ধরা পড়ে তবে “সম্মানজনকভাবে” বিবেচিত হতে পারে, অন্যথায় তাদের কঠিন শাস্তি পেতে হবে।

ইরানের বিচার বিভাগের প্রধান ঘোলাম-হোসেইন মোহসেনি-এজেই বলেছেন, “বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যারা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের দ্রুত বিচার ও শাস্তি দিতে হবে।”

এদিকে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, মোসাদ ইরানে ড্রোন ঘাঁটি গড়ে তোলে এবং সেখান থেকেই আত্মঘাতী ড্রোন ব্যবহার করে তেহরানের আশেপাশে ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায়। এছাড়াও, মাটি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ব্যবহৃত হয় সুনির্দিষ্ট অস্ত্র, যাতে করে ইসরায়েলের ২০০ বিমান নিয়ে ১০০-রও বেশি হামলা সহজে চালানো সম্ভব হয়।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর রে শহরে একটি বাড়ি থেকে মোসাদের ব্যবহৃত ২০০ কেজি বিস্ফোরক, ড্রোনের যন্ত্রাংশ ও আত্মঘাতী ড্রোনের লঞ্চার উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্র-সমর্থিত ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ভিডিওতে এসব অস্ত্র ও ড্রোন অংশবিশেষ দেখা গেছে।