Uncategorized

পাকিস্তানের হুমকির জবাবে অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করল ভারত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারত আবারও প্রমাণ করল তার কৌশলগত সামরিক সক্ষমতা। পাকিস্তানের সাম্প্রতিক পারমাণবিক হামলার হুমকির পরই দেশটি সফলভাবে পরীক্ষা চালিয়েছে শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৫’।

বুধবার (২০ আগস্ট) ওড়িশার চান্দিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। খবর— ইন্ডিয়া টুডে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই উৎক্ষেপণের মাধ্যমে মিসাইলটির কার্যক্ষমতা ও প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা গেছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও-র তৈরি এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং সর্বোচ্চ ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

অগ্নি-৫ মিসাইল ভারতের ‘অগ্নি’ সিরিজের সর্বাধুনিক সংস্করণ। এটি প্রায় ১.৫ টনের পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। হালকা উপকরণ দিয়ে তৈরি হওয়ায় এর নির্ভরযোগ্যতা বেড়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এর মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল (MIRV) প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে একটি মাত্র মিসাইল একাধিক ওয়ারহেড বহন করে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফলে এর কৌশলগত কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

নিখুঁতভাবে লক্ষ্যভেদ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে রিং লেজার জাইরোস্কোপ-ভিত্তিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম (RLG-INS) এবং মাইক্রো-ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম (MINGS)। ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ন্যাভিক (NavIC) এবং মার্কিন GPS একে আরও শক্তিশালী করেছে।

এছাড়া মিসাইলটিতে রয়েছে তিন ধাপের কঠিন জ্বালানি চালিত প্রপালশন সিস্টেম। এটি ক্যানিস্টারাইজড লঞ্চ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায়। ফলে মিসাইলটি দ্রুত মোতায়েন করা সম্ভব, সহজে সংরক্ষণযোগ্য এবং এতে গতিশীলতাও বেড়েছে।

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফ্লোরিডার ট্যাম্পায় প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বলেন, “যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের অস্তিত্বের হুমকি তৈরি হয়, তবে দেশটি পারমাণবিক হামলার পথে হাঁটতে দ্বিধা করবে না।” এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতারাও একই ধরনের বক্তব্য দেন।

ভারত এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানায়। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই উস্কানিমূলক বক্তব্যের জবাব এবং নিজেদের কৌশলগত সামরিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই অগ্নি-৫-এর সফল পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি।

এই পরীক্ষার মধ্য দিয়ে ভারত শুধু পাকিস্তানকেই নয়, সমগ্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার সামরিক শক্তির স্পষ্ট বার্তা দিল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button