গাজীপুর

গাজীপুর-১: আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

বিশেষ প্রতিনিধি : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানকে গাজীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারক ও গাজীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ হাসিনুর রহমান মিলন এ আদেশ দেন।

সোমবার (১২ জানুয়ারি) ট্রাইব্যুনাল থেকে প্রেরিত এক চিঠিতে মজিবুর রহমানকে আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় ট্রাইব্যুনালের অস্থায়ী কার্যালয়ে নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠি সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি পূর্ব চাঁদপুরে বারেক ভান্ডারীর দ্বিতীয় বার্ষিক ওরশ মাহফিলে, ৯ জানুয়ারি স্বপ্নগাঁছা নারী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং ১০ জানুয়ারি কম্পাস ফাউন্ডেশনের সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে ও নিজের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান।

এ ছাড়া এসব কর্মসূচি মজিবুর রহমানের নামীয় ফেসবুক আইডি থেকে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হয় এবং ওই আইডি থেকে নিয়মিত নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহেরও আগে এ ধরনের প্রচারণামূলক সভা ও সমাবেশ আয়োজন করা হয়েছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর লঙ্ঘন—এমনটি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এ পরিস্থিতিতে মজিবুর রহমানের বিরুদ্ধে কেন পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে লিখিত সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে না অথবা কেন সংশ্লিষ্ট অপরাধ আমলে নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button