গাজীপুর

গাজীপুরে নতুন প্রজন্মকে লোকজ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতে পিঠা উৎসব

বিশেষ প্রতিনিধি : বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী পিঠা-পুলির সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গাজীপুরে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গাজীপুর সদর উপজেলার নয়নপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

এতে অংশ নেয় একই সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন. এস. আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উৎসবে অংশগ্রহণকারীরা নিজ হাতে তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে আসেন, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

পিঠা উৎসবের উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল রহমান কিরণ। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের লোকজ সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি করে এবং ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখে।

উৎসবে শতাধিক ধরনের পিঠা প্রদর্শিত হয়। এর মধ্যে ভাজা পিঠা, সমুচা পিঠা, মালপোয়া পিঠা, মোম পিঠা, ম্যারা পিঠা, নাড়ু, মাছ পিঠা, চুই পিঠা, ডালের পিঠা, মালা পিঠা, কলার থামি পুলি পিঠা, ঝিনুক পুলি পিঠা, গোলাপ পিঠা ও কদম পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা ছিল।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button