টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক মা ও তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে জান্নাত আক্তার (৩৫) এবং তার দুই বছরের ছেলে জুনায়েদ। জান্নাত তার স্বামীর সঙ্গে টঙ্গীর তিস্তা গেইট এলাকায় ভাড়া থাকতেন।

জান্নাতের নানা দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয় জান্নাতের। শনিবার সকালে জান্নাত ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রহিমা আক্তার জানান, জান্নাত আক্তার পরিবারসহ টঙ্গীর চেরাগআলী এলাকায় বসবাস করতেন। কোনো এক কারণে তিনি তার ছেলেকে নিয়ে টঙ্গী রেলওয়ে জংশন স্টেশন এলাকায় যান। একপর্যায়ে তারা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।