ইরানের পারমাণবিক অস্ত্র নেই, আসছে যুদ্ধ শেষ করার ঘোষণা: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমরা ইরানে আমাদের আক্রমণাত্মক কার্যক্রম গুটিয়ে আনছি। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে বলে আমি আশা করছি।'

ইরানের পারমাণবিক অস্ত্র নেই, আসছে যুদ্ধ শেষ করার ঘোষণা: ট্রাম্প

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে চলমান সামরিক অভিযান শেষ করার ঘোষণাও দিয়েছেন তিনি।

বুধবার (১ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। সেই লক্ষ্য অর্জিত হয়েছে। তাদের কাছে এখন কোনো পারমাণবিক অস্ত্র নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা ইরানে আমাদের আক্রমণাত্মক কার্যক্রম গুটিয়ে আনছি। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে বলে আমি আশা করছি।’

এদিকে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টায় তিনি এই ভাষণ দেবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘ইরান ইস্যুতে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য দেবেন প্রেসিডেন্ট।’ তবে ভাষণের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য সমাধান নিয়ে ট্রাম্পের এই ভাষণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছানোয় তারা এখন অভিযান শেষ করার কথা ভাবছে। তবে এই সময়ের মধ্যে ইরান কোনো পাল্টা পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, ‘ইরানকে কোনো চুক্তিতে আসতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। যুক্তরাষ্ট্র চাইলে কোনো সমঝোতা ছাড়াই এই যুদ্ধ বন্ধ করতে পারে।’

ট্রাম্প তাঁর বক্তব্যে দাবি করেন, ইরানি শাসনে পরিবর্তন আনার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। তবে বক্তব্যের একপর্যায়ে তিনি মন্তব্য করেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থায় ইতিমধ্যে পরিবর্তন ঘটে গেছে।