লেবাননজুড়ে ইসরায়েলের তুমুল হামলা, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

কমপক্ষে ২৫৪ জন নিহত ও ১ হাজার ১৬৫ জন মানুষ আহত হয়েছেন।

লেবাননজুড়ে ইসরায়েলের তুমুল হামলা, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক 

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে নতুন করে তুমুল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১৬৫ জন। যুদ্ধ শুরুর পর থেকে এটিকে লেবাননে চালানো সবচেয়ে বড় হামলা বলে বর্ণনা করেছে ইসরায়েল নিজেই। পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করে দিয়েছে ইরান।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননে অন্তত ১০০টি হিজবুল্লাহ কমান্ড সেন্টার ও সামরিক অবকাঠামোয় বোমা হামলা চালানো হয়েছে। এই হামলায় শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে। 

হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম। 

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস জানিয়েছে, সকালে ইরানের অনুমতিতে দুটি ট্যাঙ্কার প্রণালি অতিক্রম করলেও পরে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিও একই তথ্য নিশ্চিত করেছে এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অব্যাহত রাখা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল।

এদিকে যুদ্ধবিরতির পরিধি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল। 

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দাবি নাকচ করে বলেছেন, যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি। ট্রাম্প হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এই যুদ্ধকে ‘বিচ্ছিন্ন সংঘর্ষ’ বলেও অভিহিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনীও স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।