রূপগঞ্জে অপহরণ চেষ্টার অভিযোগে ঢাকা ডিবির চার সদস্য গ্রেপ্তার

রূপগঞ্জে অপহরণ চেষ্টার অভিযোগে ঢাকা ডিবির চার সদস্য গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণ চেষ্টার অভিযোগে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন গণপিটুনির শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তার চার পুলিশ সদস্য হলেন এসআই মামুন মাতুব্বর (৪০), এএসআই আমান উল্লাহ (৩৪), কনস্টেবল কবির (৩৩) ও কনস্টেবল আকাশ আহাম্মেদ (৩০)।

শুক্রবার (১৯ জুন) রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ভুক্তভোগী যুবক চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।

বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউসিয়া এলাকায় সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারের বাসিন্দা অমিত হাসান মিরাজ (৩০) এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান। সেখানে অভিযুক্ত পুলিশ সদস্যরা সিআইডির পরিচয় দিয়ে তাঁকে অপহরণের চেষ্টা করেন।

মামলার এজাহারে অমিত উল্লেখ করেন, অভিযুক্তরা অনলাইন ক্যাসিনোর তদন্তের কথা বলে গাউসিয়ার একটি পাবলিক টয়লেটে তাঁকে আটকে রাখেন এবং তাঁর মুঠোফোন তল্লাশি করেন। কিছু না পেয়ে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যেতে চাইলে তিনি চিৎকার করেন। এতে আশপাশের লোকজন অভিযুক্তদের ‘ভুয়া পুলিশ’ সন্দেহে গণপিটুনি দেন। পরিস্থিতি সামলাতে পুলিশ এসআই মামুন, এএসআই আমান ও কনস্টেবল কবিরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার ভোররাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় কনস্টেবল আকাশকে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্তরা সাদা পোশাকে ছিলেন।

অমিত অভিযোগ করেন, গত ১৫ জুন তাঁর এক আত্মীয়কে একই পুলিশ সদস্যরা অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে যান। পরে পরিবারের পক্ষ থেকে আড়াই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাঁকে ছাড়িয়ে আনা হয়। এর প্রায় এক মাস আগে জাকির হোসেন নামে আরেক ব্যক্তিকেও একইভাবে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয় বলে তিনি জানান।

অমিত বলেন, ‘তারা কখনো সিআইডি, কখনো ডিবির নামে অপহরণ করে লোকজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেন।’

মামলায় অভিযুক্ত দুই গাড়িচালক আবু বক্কর সিদ্দিক (৫০) ও মো. সেলিম (৪৫) এখনো পলাতক বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন। 

তিনি বলেন, পলাতকদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং গ্রেপ্তার পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।